মোঃ শাহজাহান বাশার,
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি নেতা, বারবার কারা নির্যাতিত নেতা ও বাকশীমূল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, ত্যাগ-তিতিক্ষা ও নির্যাতনের মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি। রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ করেও দলের আদর্শ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পিছপা হননি বলে তাঁর সমর্থকদের দাবি।
বাকশীমূল ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ ও সকলের প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত মোঃ হুমায়ুন কবির। সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যাশা নিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।
দলীয় মনোনয়ন ও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মোঃ হুমায়ুন কবির বলেন, “আমি দীর্ঘদিন ধরে বাকশীমূল ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। রাজনৈতিক জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছি, কারাবরণ ও নানা নির্যাতনের শিকার হয়েছি। তারপরও মানুষের ভালোবাসা ও দলের আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি। আমি বিশ্বাস করি, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। দল আমাকে মনোনয়ন দিলে এবং ইউনিয়নবাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে বাকশীমূল ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থের চেয়ে ইউনিয়নবাসীর স্বার্থকে বেশি গুরুত্ব দিতে চাই। অতীতের মতো ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর মনোনয়ন ফরম সংগ্রহকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। দলীয় মনোনয়ন পেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
মন্তব্য করুন