মাহফুজ বাবু; কুমিল্লা।।
কারাগারের ধারণক্ষমতা ১ হাজার ৮০০ জন। অথচ সেখানে বন্দি রয়েছেন প্রায় ৪ হাজার ২০০ জন। অর্থাৎ ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দির চাপ সামলাতে হচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে। অতিরিক্ত বন্দির চাপে আবাসন, চিকিৎসা ও দৈনন্দিন ব্যবস্থাপনায় দেখা দিয়েছে নানা সংকট। এমন পরিস্থিতিতে বন্দির চাপ কমাতে ৬১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন কারাগার এখনো চালু করা সম্ভব হয়নি। উদ্বোধনের অপেক্ষায় থমকে আছে বন্দি স্থানান্তরের কার্যক্রম।
কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন প্রায় ৪ হাজার ২০০ বন্দি। তাঁদের মধ্যে প্রায় ১৫০ জন নারী, চারজন তৃতীয় লিঙ্গের এবং একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০০ জন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৮০০ জন, রাজনৈতিক মামলায় বন্দি প্রায় ২ হাজার ৫০০ জন এবং ১৮ থেকে ২১ বছর বয়সী প্রায় ২০০ জন তরুণ বন্দি রয়েছেন। আলোচিত তনু হত্যা মামলার আসামি সেনাসদস্য মাহবুবও এই কারাগারে বন্দি রয়েছেন।
বন্দির এই বিপুল চাপের বিপরীতে চিকিৎসাসেবার ব্যবস্থাও অপ্রতুল। কারাগারের মেডিকেল ওয়ার্ডে চিকিৎসার জন্য রয়েছে মাত্র ২৫টি বেড। এ ছাড়া অস্থায়ীভাবে আরও ১২৫টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু প্রতিদিন হাজার হাজার বন্দির স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই সীমিত ব্যবস্থায় হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক বন্দিদের চিকিৎসা, পরিচর্যা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
শুধু চিকিৎসা নয়, আবাসন সংকটও প্রকট। ধারণক্ষমতার তুলনায় দ্বিগুণের বেশি বন্দি থাকায় নির্ধারিত জায়গায় সবার থাকার ব্যবস্থা করা কঠিন হয়ে উঠেছে। পাশাপাশি অতিরিক্ত বন্দির কারণে কারাগারের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়েও বাড়তি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে কারা প্রশাসনকে।
এ অবস্থায় বন্দির চাপ কমাতে ৬১০ কোটি টাকা ব্যয়ে নতুন কারাগার নির্মাণের কাজ চলতি বছর সম্পন্ন হয়েছে। কিন্তু নির্মাণকাজ শেষ হলেও এখনো উদ্বোধন করা হয়নি কারাগারটি। ফলে নতুন স্থাপনা প্রস্তুত থাকার পরও সেখানে বন্দি স্থানান্তর কিংবা কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। আর এ কারণে পুরোনো কারাগারে বন্দির অতিরিক্ত চাপ অব্যাহত রয়েছে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম বলেন, বর্তমানে কারাগারের ধারণক্ষমতার তুলনায় বন্দির সংখ্যা বেশি হওয়ায় আবাসন ও ব্যবস্থাপনায় কিছুটা চাপ রয়েছে। তবে বন্দিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ কাজ করছে। নতুন ভবনগুলো উদ্বোধন করে চালু করা হলে কয়েক দিনের মধ্যেই আসনসংকট অনেকটা কমে আসবে। পাশাপাশি অসুস্থ ও বয়স্ক বন্দিদের চিকিৎসা ও পরিচর্যার জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
মন্তব্য করুন