মাহফুজ বাবু; কুমিল্লা।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে ফেলে সড়ক অবরোধ ও নাশকতার চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মাত্র দুই দিনের ব্যবধানে মহাসড়কের দুটি পৃথক স্থানে একই কায়দায় গাছ কেটে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। স্থানীয়দের সতর্কতা এবং হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার লাটিমী এলাকার বাঁশতলা নামক স্থানে মহাসড়কের পাশের একটি বিশাল কড়ই গাছের প্রায় দুই-তৃতীয়াংশ কেটে রেখে যায় দুর্বৃত্তরা। গাছটি যেকোনো সময় ভেঙে মহাসড়কে চলাচলরত যানবাহনের ওপর পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়।
সকালে স্থানীয় কৃষক তাহের আহমেদ নিজের কৃষিজমিতে গিয়ে গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় কাটা দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে দ্রুত হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে গাছটি অপসারণ করেন।
তবে গাছ অপসারণের সময় চট্টগ্রামমুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে গাছ সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতেও একই মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা মাদ্রাসা রোড এলাকায় আরেকটি কড়ই গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখে দুর্বৃত্তরা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতামূলক পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে পরপর একই ধরনের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জননিরাপত্তা এবং নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মন্তব্য করুন