শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ:
তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আন্দোলনের দুই কর্মী কমরেড শফিকুর রহমান চৌধুরী সুমন ও কমরেড আব্দুল গাফফার চৌধুরী সুইটের ২৪তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) হবিগঞ্জ জেলা শাখা। ২৭ অক্টোবর দুপুর ১২টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামে কমরেড সুমনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও লাল সালাম জানান বাসদের নেতাকর্মীরা। পরে দুপুর সাড়ে ১২টায় বড়ইউড়ি বাজারে এবং সন্ধ্যা ৬টায় হবিগঞ্জ জেলা কার্যালয়ে পৃথক দুটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। ২০০২ সালে চট্টগ্রাম বন্দর ও মোংলা বন্দর মার্কিন বহুজাতিক কোম্পানি এসএসএর কাছে ১৯৮ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগের প্রতিবাদে তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ঢাকা-চট্টগ্রাম চার দিনব্যাপী লংমার্চের আয়োজন করে। ওই লংমার্চে অংশগ্রহণ শেষে ট্রেনে করে সিলেটে ফেরার পথে ২০০২ সালের ২৭ অক্টোবর আখাউড়ার আজমপুরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত হন কমরেড সুমন ও কমরেড সুইট। কমরেড শফিকুর রহমান চৌধুরী সুমন ছিলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের কৃতী সন্তান এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সিলেট মহানগর শাখার তৎকালীন সাধারণ সম্পাদক। অন্যদিকে কমরেড আব্দুল গাফফার চৌধুরী সুইট ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য। বাসদ হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমরেড নুরুজ্জামান তরফদারের সভাপতিত্বে এবং সদস্যসচিব শফিকুল ইসলামের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য দেন জেলা কমিটির সদস্য ফয়সল আহমেদ, জাকসুর সাবেক জিএস অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন, চিকিৎসক সুনীল রায়, বাসদ বানিয়াচং উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক কমরেড লোকমান আহমেদ তালুকদার, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ও বাসদ নেতা ইমদাদ হোসেন খাঁন, বাসদ নেতা হারুন সিদ্দিকী, সাবেক ছাত্র ফ্রন্ট নেতা কমরেড লুৎফুর রহমান ছোটন, বড়ইউড়ি ইউনিয়ন বাসদের নেতা কমরেড ফয়েজ আহমেদ, কমরেড নুর ইসলাম ও পরাগ প্রমুখ। স্মরণসভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর মার্কিন বহুজাতিক কোম্পানি এসএসএর হাতে তুলে দেওয়ার পাঁয়তারার বিরুদ্ধে ২০০২ সালে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ডাক দিয়েছিল তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ওই কর্মসূচিতে দেশপ্রেমিক জনগণ, বাসদ এবং বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। জাতীয় সম্পদ রক্ষা ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে কমরেড সুমন ও কমরেড সুইটের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে তাঁরা উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, চট্টগ্রামের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল ১৫ বছরের জন্য বিদেশি বহুজাতিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার চুক্তি দেশের স্বার্থের পরিপন্থী। তাঁরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং জাতীয় সম্পদ রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে আগামী ৩০ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে অনুষ্ঠিতব্য সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন