শেখ মোহাম্মদ পারভেজ
পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকা আদায়ের দাবিতে এক ব্যবসায়ীর মরদেহ দাফনে বাধা দিয়েছেন পাওনাদাররা। এ সময় প্রায় তিন ঘণ্টা মরদেহের খাটিয়া আটকে রাখা হয়। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিলে মরদেহ দাফন করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যবসায়ীর নাম উজ্জ্বল মল্লিক (৪৫)। তিনি ওই গ্রামের সফি মল্লিকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, উজ্জ্বল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
উজ্জ্বল মল্লিকের দ্বিতীয় স্ত্রী চুমকি খাতুন জানান, তার স্বামী ইটভাটা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে কয়েকজন ব্যক্তি তার কাছে টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন। ওই টাকা পরিশোধের দাবিতে তারা মরদেহ দাফনে বাধা দেন।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মকুল হোসেন জানান, পাওনাদারদের আপত্তির কারণে উজ্জ্বল মল্লিকের মরদেহ দাফনে বিলম্ব হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে পরিবারের পক্ষ থেকে পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর উজ্জ্বল মল্লিকের মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
মন্তব্য করুন