শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং এককালীন অনুদানের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকালে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্টে পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল রক্ষায় আমরা’ ও ‘ধরিত্রী রক্ষায় আমরা’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেলালুর রহমান জুয়েল।
মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক ড. মুক্তি মাহমুদ, প্রধান শিক্ষক আর. কে. এম. আব্দুর রব মিঞা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এবং পরিবেশবাদী সংগঠক জাহাঙ্গীর আলম মধুসহ অন্যরা।
বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদানের পরিবর্তে আন্তর্জাতিক পর্যায়ে ঋণ প্রস্তাবের প্রক্রিয়া শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগণের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে কোনো ঋণ নয়; বরং যৌক্তিক ক্ষতিপূরণ ও এককালীন অনুদান দিতে হবে। জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন