শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা
পাবনার সাঁথিয়া উপজেলায় মাকে ভরণপোষণ দিতে অনীহা প্রকাশ করা গ্রামপুলিশ সাগর হোসেন অবশেষে আদালতের হস্তক্ষেপে মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। একই সঙ্গে নিজের ভুল স্বীকার করে মা ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
গত ৮ অক্টোবর সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ-সংক্রান্ত একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনাটি পাবনার বিজ্ঞ আদালতের নজরে এলে রোববার (১১ অক্টোবর) বিকেলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানকে অভিযুক্ত ছেলে সাগর হোসেন ও তাঁর মাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। পরে ওসি তাঁর গাড়িতে করে মা ও ছেলেকে আদালতে নিয়ে হাজির হন।
আদালত মা ও ছেলের বক্তব্য শোনেন এবং তাঁদের মধ্যকার সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আদালতের হস্তক্ষেপের পর সাগর হোসেন তাঁর মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে সম্মত হন।
এ সময় সাগর নিজের ভুল বুঝতে পেরে মা ও দেশবাসীর কাছে ক্ষমা চান। ভবিষ্যতে মায়ের সঙ্গে এমন আচরণ আর করবেন না বলেও জানান তিনি।
আদালতের হস্তক্ষেপে মা ও ছেলের মধ্যকার বিরোধের সমাধান হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে স্বস্তি ফিরে এসেছে।
মন্তব্য করুন