শেখ মোহাম্মদ পারভেজ,পাবনা
পাবনার সাঁথিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. আরিফা খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. রাকিব (২০) নামে তার এক সহযোগী পালিয়ে যায়।
রোববার (৪ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের সিলন্দা কবরস্থানপাড়া এলাকায় অভিযান চালায় পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
ডিবি পুলিশ জানায়, সিলন্দা কবরস্থানপাড়া গ্রামের মোছা. আরিফা খাতুনের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে সঙ্গীয় নারী কনস্টেবলের সহায়তায় আরিফা খাতুনকে আটক করা হয়। এ সময় মো. রাকিব দৌড়ে পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে নারী কনস্টেবলের সহায়তায় শালীনতা বজায় রেখে আটক আরিফা খাতুনের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনের ওড়নার মধ্যে বিশেষ কায়দায় রাখা ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আরিফা খাতুন সাঁথিয়া উপজেলার সিলন্দা কবরস্থানপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের মেয়ে ও মো. জলিল সরকারের স্ত্রী। পলাতক রাকিব একই গ্রামের মো. জলিল সরকারের ছেলে।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আরিফা খাতুন জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে নিজ এলাকা ও আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক রাকিবের বিরুদ্ধে সাঁথিয়া থানায় আগের দুটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় সাঁথিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক আসামি রাকিবকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন