শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) স্থাপন করা হচ্ছে ‘ক্যারিয়ার হাব’। এ লক্ষ্যে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) অধীনে পরিচালিত ‘ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক’-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়টির একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পাবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এবং ব্র্যাকের পক্ষে স্বাক্ষর করেন ব্র্যাক এসডিপি, এডুকেশন ও মাইগ্রেশন বিভাগের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান।
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার হাব স্থাপন করা হবে। এটি শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানসংক্রান্ত পরামর্শ এবং মানসিকভাবে কর্মজীবনের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে অন-স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, ব্র্যাক আর্ত-মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাবের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। চাকরির বাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় যুগোপযোগী দক্ষতা শিক্ষার্থীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে অর্জন করতে পারবে, যা তাদের প্রতিযোগিতামূলক কর্মবাজারে এগিয়ে রাখবে।
তিনি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ তৈরির উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ক্যাম্পাসে একটি ‘জব ফেয়ার’ আয়োজনের প্রস্তাব দেন।
ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইকোসিস্টেমের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করবে এই ক্যারিয়ার হাব। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের চাকরির জন্য প্রস্তুত করতে সহায়তা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতেও উদ্যোগটি ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ক্যারিয়ার হাবের দক্ষ ও অভিজ্ঞ কাউন্সিলরদের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিশেষ সেবা দেওয়া হবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ক্যারিয়ার হাব শিক্ষার্থীদের জন্য যেসব সেবা নিয়ে আসছে, তা অত্যন্ত সময়োপযোগী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, সেল ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের পরিচালক অধ্যাপক ড. শেখ রাসেল আল-আহমেদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রহীম উপস্থিত ছিলেন।
ব্র্যাকের পক্ষে আরও উপস্থিত ছিলেন স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের হেড ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক, পিসিইউ ম্যানেজার জে এম সাইফুল ইসলাম এবং এমপ্লয়মেন্ট ম্যানেজার মো. ওলিউল আজিম।
মন্তব্য করুন