মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নম্বর বাকশীমূল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইঞ্জিনিয়ার আবুল বাসার। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন সামাজিক মহলে তাকে একজন ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে উল্লেখ করছেন তার সমর্থকরা। তারা বলছেন, শিক্ষা, শান্তি, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনকে তিনি অগ্রাধিকার দিতে চান।
জানা যায়, ইঞ্জিনিয়ার আবুল বাসার উপজেলার পাহাড়পুর গ্রামের একটি শিক্ষিত ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন পরিবারের সন্তান। তিনি কুমিল্লা মেট্রোপলিটন মডেল হাসপাতালের স্বত্বাধিকারী এবং দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত রয়েছেন। তার সমর্থকদের দাবি, হাসপাতালের মাধ্যমে স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা দিয়ে তিনি এলাকার সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একটি অংশের মতে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আবুল বাসারকে চেয়ারম্যান পদে দেখতে চান তারা। বর্তমানে তিনি বাকশীমূল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
সমর্থকদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে আর্থিক ও সাংগঠনিকভাবে সহযোগিতা করে আসছেন। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।
স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, ইঞ্জিনিয়ার আবুল বাসার মাদক, চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করে আসছেন। এছাড়া পরিবেশ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকেও তিনি নিজেকে দূরে রেখেছেন বলে তার সমর্থকদের দাবি।
এলাকাবাসীর একাংশের মতে, অতীতে বাকশীমূল ইউনিয়নে বিভিন্ন সময়ে চেয়ারম্যান নির্বাচিত হলেও একজন উচ্চশিক্ষিত, পেশাগতভাবে প্রতিষ্ঠিত ও প্রশাসনিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই বিবেচনায় ইঞ্জিনিয়ার আবুল বাসারকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এগিয়ে রাখছেন তারা।
তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি। নির্বাচনের সময় ঘনিয়ে এলে বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের অবস্থান আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মন্তব্য করুন