মোঃ শাহজাহান বাশার
দেশে সাংস্কৃতিক চর্চার বিকাশ, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং মানবিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যে সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের আংশিক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক। পাশাপাশি সংগঠনের উপদেষ্টামণ্ডলীতেও নতুন করে তিনজন বিশিষ্ট ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহাগ আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির নাম ঘোষণা করেন।
অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক পেশাগতভাবে ঢাকা জজকোর্টের একজন আইনজীবী। এ ছাড়া তিনি নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের সভাপতি, সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা এবং সময় এডিশনের আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভাপতির দায়িত্ব গ্রহণের পর নিজের অনুভূতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও সংগঠনের কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক।
তিনি বলেন, “সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি হওয়া আমার কাছে শুধু আনন্দ বা গৌরবের বিষয় নয়; বরং এটি গভীর দায়িত্ববোধের বিষয়। এই দায়িত্ব আমার কাছে একটি নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা এবং সমাজের অসহায় মানুষের জন্য কাজ করার নতুন অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠন শুধু একটি সাংস্কৃতিক সংগঠন হিসেবেই সীমাবদ্ধ থাকবে না। শিল্প-সংস্কৃতির বিকাশের পাশাপাশি সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সমাজকল্যাণে কাজ করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটিকে গড়ে তুলতে চাই।”
নিজের ব্যক্তিগত জীবনদর্শন তুলে ধরে নতুন সভাপতি বলেন, জীবনে কখনো ব্যক্তিগত প্রাপ্তি বা স্বার্থের প্রত্যাশায় কাজ করেননি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।
তার ভাষায়, “জীবনের কাছে আমার একটাই চাওয়া—যতদিন বেঁচে থাকব, ততদিন মানুষের জন্য বাঁচতে চাই। হয়তো সবার উপকার করতে পারব না, সবার দুঃখ দূর করতে পারব না; তবুও অন্তত একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চাই। কারও অন্ধকার সময়ে একটু আলোর প্রদীপ হতে চাই।
আমি চাই না মানুষ আমাকে কত বড় পদে দেখেছে কিংবা কতটা সম্মান দিয়েছে, তা মনে রাখুক। আমি শুধু চাই, আমার অনুপস্থিতিতে কেউ যেন মন থেকে বলেন—মানুষটা নিজের জন্য খুব বেশি কিছু না করলেও অন্যের জন্য অনেক কিছু করে গেছেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, এটাই আমার বেঁচে থাকার সার্থকতা।”
সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, সংগঠনের সব সদস্য, শুভাকাঙ্ক্ষী ও গুণীজনদের সম্মিলিত সহযোগিতায় সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনকে একটি আদর্শ সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।
তার মতে, সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানুষের মুখে হাসি ফোটানো, বিপদে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ভালো কাজের ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করাই হবে সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।
এদিকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে তিনজন বিশিষ্ট ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
তাঁরা হলেন—জনাব মোঃ স্বপন আহমেদ, কর্ণধার, এডি মাল্টিমিডিয়া ও এডি মডেল এজেন্সি; প্রধান উপদেষ্টা, সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠন। মোঃ মনির, ম্যানেজিং ডিরেক্টর, আল মদিনা ডেলিভারি সার্ভিস, দুবাই; উপদেষ্টা, সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠন। জনাব মোঃ শাহ কামাল (শ্যামল) মহাসচিব, আমাদের প্রত্যাশা; উপদেষ্টা, সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহাগ জানান, সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা, কার্যক্রমের পরিধি সম্প্রসারণ, সাংস্কৃতিক চর্চার বিকাশ এবং সমাজে ইতিবাচক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আংশিক কমিটি পুনর্গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, সংগঠনের কার্যক্রমকে দেশব্যাপী সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক চর্চার সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব ও অভিজ্ঞ উপদেষ্টামণ্ডলীর সমন্বিত উদ্যোগে সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠন দেশের সাংস্কৃতিক অঙ্গনে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
মন্তব্য করুন