নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকমুক্ত যুবসমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক। অনুষ্ঠানে মাদক প্রতিরোধ, তরুণ প্রজন্মের নৈতিক বিকাশ এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘মাদকমুক্ত যুবসমাজ বিনির্মাণে আমাদের করণীয়’।
সভাপতি অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক জজকোর্ট, ঢাকার আইনজীবী। পাশাপাশি তিনি নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের সভাপতি এবং সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন অঙ্গনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, নৈতিকতা ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিলদার বখত। উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেজাউলদৌলা চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ ইসরাইল হাওলাদার, সহযোগী অধ্যাপক খাবিরা আখতার পারভিন, জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, কবি শিহাব রিফাত আলম, স্বপন আহমেদ, সাংবাদিক মিলন মল্লিক ও শেখ মোঃ শাহ কামাল (শ্যামল)।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে তরুণদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে।
বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আয়োজনে আলোচনা সভার পাশাপাশি গুণীজনদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা ছিল। আয়োজকদের মতে, সুস্থ সংস্কৃতি ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ড যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠন ও সার্ক হিউম্যান রাইটস ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনের মধ্য দিয়ে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হয়।
মন্তব্য করুন