শেখ মোহাম্মদ পারভেজ
পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে চারটি দেশীয় ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আলাল শেখ (৫২) নামে এক রাজনৈতিক নেতাও রয়েছেন। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ৪টার দিকে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রাকিবুল হাসান ইবনে রহমান।
পুলিশ জানায়, বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় দুটি দেশীয় ওয়ান শুটারগান, আট চেম্বারবিশিষ্ট একটি বিদেশি .২২ বোরের রিভলবার, ১০ রাউন্ড তাজা গুলি এবং অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় চরঘোষপুর এলাকার মো. আলাল শেখ (৫২) ও আমিনপুরের ভাটিকয়া এলাকার মো. জনি কাজীকে (২৮) গ্রেপ্তার করা হয়। আলাল শেখ পাবনা ইউনিয়ন যুবদলের সভাপতি বলে জানা গেছে।
এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর ও সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। এ সময় আরও দুটি দেশীয় ওয়ান শুটারগান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রামনারায়ণপুর এলাকার মো. জলিল মণ্ডল (২৮) ও ঢালারচর ইউনিয়নের মিরপুর এলাকার মো. বাবলু মণ্ডলকে (২৬) গ্রেপ্তার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিবুল হাসান ইবনে রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও অস্ত্র মামলা রয়েছে। পৃথক দুই ঘটনায় তাঁদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ)/১৯-এ ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার ও আরও আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন