মাহফুজ বাবু;
কুমিল্লা জেলার ১৮টি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫ দফায় মোট ২ হাজার ৪২ জনকে আটক করা হয়েছে। সর্বশেষ পঞ্চম দফার অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ২৭৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯১ জনকে বিভিন্ন অভিযোগে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে জেলার ১৮টি থানায় একযোগে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
সর্বশেষ ৫ম দফার অভিযানটি ২ অক্টোবর সন্ধ্যার পর থেকে কুমিল্লা জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৩৭০ জনকে আটক করা হয়। পরে তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে ২৭৯ জনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা বা আদালতে পাঠানোর মতো অভিযোগ না পাওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অপরদিকে বিভিন্ন অভিযোগে ৯১ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে কুমিল্লায় চার দফার কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ১ হাজার ৬৭২ জনকে আটক করা হয়েছিল। এর মধ্যে বিভিন্ন দফায় যাচাই-বাছাই শেষে অনেককে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং অভিযোগের ভিত্তিতে অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের পাশাপাশি এসব অপরাধী চক্রের মূলহোতা, সহযোগী এবং অপরাধে সম্পৃক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে আটক কিশোরদের বিষয়ে যাচাই-বাছাই করে তাদের অভিভাবকদের সতর্ক করা হচ্ছে।
জেলা পুলিশ বলছে, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, প্রথম চার দফায় আটক ১,৬৭২ জনের সঙ্গে সর্বশেষ ৩৭০ জন যোগ হওয়ায় পাঁচ দফায় মোট আটক দাঁড়িয়েছে ২,০৪২ জনে।
মন্তব্য করুন