শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনা পৌর এলাকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের অনুকূলে ২০২৫–২০২৬ অর্থবছরে বরাদ্দকৃত এককালীন অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) জেলা শহরের ডিসি রোডস্থ শহর সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি অর্থবছরে পৌর এলাকার তালিকাভুক্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জন্য সর্বমোট ১৯ লাখ ২৫ হাজার টাকার অনুদান ছাড় করা হয়।
শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, সাবেক বিশেষ সহকারী (দেশনেত্রী বেগম খালেদা জিয়া) এবং সংসদীয় আসন ৭২ (পাবনা–৫, সদর)-এর অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সামাজিক উন্নয়ন ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারি এই এককালীন অনুদান সংগঠনগুলোর জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। বরাদ্দের অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করে সমাজসেবামূলক কাজ জোরদার করার জন্য তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এবং অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
মন্তব্য করুন