মাহফুজ বাবু; কুমিল্লা।।
জেন্ডারভিত্তিক সহিংসতা (Gender-Based Violence) প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে কুমিল্লায় ‘স্টপ জেন্ডার বেসড ভায়োলেন্স’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল সরকারি কলেজের অডিটোরিয়ামে সেইভ আর্থ সোসাইটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নারীদের নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ড. জাকিয়া বেগম এবং সমাজসেবক মেজর একেএম বদরুল আমিন সরকার।
মেজর একেএম বদরুল আমিন সরকার বলেন, ‘আমরা এমন একটি সমাজ চাই, যেখানে সবাই মিলে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব। তোমরা একে অপরের পাশে দাঁড়ালেই জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ করা সম্ভব।’
কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ড. জাকিয়া বেগম বলেন, ‘অনেক সময় আমরা আশপাশের মানুষের কাছ থেকেই সহিংসতার শিকার হই। তাই যেকোনো সমস্যায় নারীদের কথা বলতে হবে, রুখে দাঁড়াতে হবে। পরিবারের সহায়তা না পেলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে ন্যায়বিচার আদায় করতে হবে।’
সেমিনারে কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের সচেতন করতে জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ে একটি ভিডিও প্রদর্শন ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শীর্ষ তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।