মাহফুজ বাবু; কুমিল্লা।।
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা লরির পেছনে গিয়ে আছড়ে পড়ে। এতে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের মধ্যে একজন খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয়।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিকসার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের শফিক মিয়ার ছেলে ও অটোরিকশাচালক আবদুল মতিন (৩৫) এবং কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চিওড়া ও সুজাতপুর এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বসন্তপুর ও চৌদ্দগ্রাম বাজারের উদ্দেশে রওনা হন সুফিয়া বেগম, আরিফ হোসেন এবং চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের দুই ভাই মো. রাসেল ও মো. ইয়াকুব। পথে কালিকসার এলাকায় পেছন থেকে একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সামনে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এতে চালক আবদুল মতিনসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল মতিন ও আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফ হোসেন তার দুই খালাতো ভাই রাসেল ও ইয়াকুবকে সঙ্গে নিয়ে আরেক খালাতো ভাই মামুনের বিয়েতে যোগ দিতে বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের কাজীবাড়িতে যাচ্ছিলেন।
বর মামুন বলেন, বিয়ের অনুষ্ঠানে আসার জন্য নির্ধারিত গাড়িতে জায়গা না হওয়ায় তার আপন দুই ভাই রাসেল ও ইয়াকুব এবং খালাতো ভাই আরিফ পরে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন। কিন্তু পথেই দুর্ঘটনায় খালাতো ভাই আরিফ মারা গেছেন। তার দুই ভাইও আহত হয়েছেন। এ ঘটনায় বিয়ের আনন্দ আর নেই, সবকিছু বিষাদে পরিণত হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ আল মনসুর জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। অপর দুই আহত সুফিয়া বেগম ও রাসেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার জানান, দুর্ঘটনার পর নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।