শেখ মোহাম্মদ পারভেজ
জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং কয়েক ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, মঙ্গলবার জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ সমন্বয় করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন যুগের সূচনা হয়েছে। এটি বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন।