মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় বিয়ার ও হুইস্কিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) পরিচালিত এসব অভিযানে ১২টি কাঁচের বোতল ভারতীয় বিয়ার, ৩টি টিনের বোতল ভারতীয় বিয়ার এবং ১ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে ১২টি কাঁচের বোতল ভারতীয় বিয়ার, ৩টি টিনের বোতল ভারতীয় বিয়ার ও ১ বোতল ভারতীয় হুইস্কিসহ মো. টিটু মিয়া (৩০) ও মো. শরিফ মিয়া প্রকাশ শরীফ (৩৫) নামে দুজনকে গ্রেফতার করা হয়। তারা ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (বাঁশতলী) এলাকার বাসিন্দা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার টিটু মিয়ার বিরুদ্ধে মাদক ও চোরাচালান-সংক্রান্ত পূর্বের চারটি মামলা এবং শরীফের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত একটি মামলা রয়েছে।

অপরদিকে, একই দিনে পরিচালিত দ্বিতীয় অভিযানে মো. জীবন (২৬), খোকন মিয়া (৪৬) ও মো. আপন (২৬) নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তারা সবাই ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতার জীবন মিয়ার বিরুদ্ধে মাদক ও চোরাচালান-সংক্রান্ত পূর্বের ছয়টি মামলা রয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।