শেখ মোহাম্মদ পারভেজ
পাবনার বেড়ায় একাধিক অজ্ঞাত নম্বর থেকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সাঁথিয়া থানায় জিডি
পাবনার বেড়া উপজেলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রতিদিনের সংবাদ-এর বেড়া-সাঁথিয়া প্রতিনিধি ও উদীয়মান সাংবাদিক আরিফ খানকে কুপিয়ে, জবাই করে ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিভিন্ন অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন করে তাঁকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় হুমকির একাধিক অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী সাংবাদিক আরিফ খান বাদী হয়ে সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৫৬৯) করেছেন।
সাংবাদিক আরিফ খান পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয় পর্যায়ে তিনি একজন পরিচিত মুখ।
সংবাদ প্রকাশের জেরে হুমকির অভিযোগ
স্থানীয় সাংবাদিক সূত্রে জানা যায়, সাংবাদিকতা শুরু থেকেই আরিফ খান বিভিন্ন অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসছেন। তাঁর বেশ কয়েকটি আলোচিত প্রতিবেদন জাতীয় দৈনিকের প্রথম ও শেষ পাতায় গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
সম্প্রতি বেড়া উপজেলার স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিলন মাহমুদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেন তিনি।
অভিযোগ রয়েছে, এসব সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন মাধ্যমে তাঁকে চাপ প্রয়োগ ও হুমকি দেওয়া হচ্ছিল।
সর্বশেষ বেড়া উপজেলার আমিনপুর থানার মাশুমদিয়া এলাকায় প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত সনদ ও অনুমোদন ছাড়াই কবিরাজের সাইনবোর্ড ঝুলিয়ে অপচিকিৎসা চালানোর অভিযোগে ‘হালিম কবিরাজ’-এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন আরিফ খান। তথ্য সংগ্রহের সময় তাঁকে বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলে জানা গেছে।
পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ওই কথিত কবিরাজের চেম্বার সিলগালা করা হয়। এরপর থেকেই বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাঁকে রাস্তায় ফেলে কুপিয়ে, জবাই করে ও গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক আরিফ খান।
‘আমি নিজের ও পরিবারের নিরাপত্তা চাই’
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক আরিফ খান বলেন, “এর আগেও আমি অসংখ্য অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করেছি, তখনও নানা চাপ এসেছে। কিন্তু এবারের এই তিনটি সংবাদ প্রকাশের পর থেকে চরম মাত্রায় হুমকি দেওয়া হচ্ছে। আমার করা সংবাদ নিয়ে কারো কোনো আপত্তি বা অভিযোগ থাকলে তারা তা আইনিভাবে মোকাবিলা করতে পারেন। কিন্তু তা না করে আমাকে হত্যার হুমকি দিয়ে থামানোর চেষ্টা চলছে। আমি আমার পরিবার ও নিজের নিরাপত্তা চাই।”
সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা, হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাই এবং বেড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন।
তাঁরা বলেন, “সাংবাদিক আরিফ অত্যন্ত সাহসী ও সৎভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর অনুসন্ধানী রিপোর্টে অনেক অনিয়মের সত্যতা প্রমাণিত হয়েছে। তাঁকে এভাবে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে হুমকিদাতাদের আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
সাংবাদিক আরিফ খানের নিরাপত্তা নিশ্চিত করা, হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।