শেখ মোহাম্মদ পারভেজ

পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সার নিতে আসা উত্তেজিত জনতা এক ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর লুট হওয়া সার ফেরত দিতে মাইকিং করে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একদল উত্তেজিত জনতা ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে এবং সেখান থেকে সার নিয়ে যায়।

পরে ঘরের সার হিসাব করে দেখা যায়, সেখানে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে, ৪০০ বস্তা মজুত রয়েছে এবং বাকি ৬১১ বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, নিয়ে যাওয়া সার ফেরত দিতে মাইকিং করে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।