মোঃ শাহজাহান বাশার
পুরান ঢাকার ধোলাইখালের ৫/বি ঘাট লেনের খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া শাখায় ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সংগঠন আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে মাসিক ‘দাওয়াতুল হাসানাহ’ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ অক্টোবর শনিবার আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও রাহবারে আলম আওলাদে রাসুল (দ.) শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভাণ্ডারী।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। সমাজে নৈতিক অবক্ষয় রোধ এবং উগ্রবাদ মোকাবিলায় সুফিবাদী আদর্শ ও চর্চার গুরুত্ব অপরিসীম। মাইজভাণ্ডারী তরিকা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে ভালোবাসা, সৌভ্রাতৃত্ব ও রাসূলপ্রেমের শিক্ষা প্রচার করে আসছে। বিশেষ করে যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আউলিয়ায়ে কেরামের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রুহুল আমীন ভুইয়া চাঁদপুরী ও মাওলানা মনছুর আলী মাইজভাণ্ডারী।
মাওলানা রুহুল আমীন ভুইয়া চাঁদপুরী বলেন, আল্লাহর অলিদের সান্নিধ্য এবং তাঁদের প্রদর্শিত আধ্যাত্মিক পথ মানুষকে খোদাভীরু ও পরহেজগার হতে সহায়তা করে। দুনিয়াবি মোহ থেকে দূরে থেকে আখেরাতমুখী জীবন গঠনে নিয়মিত দ্বীনি মজলিস ও মাহফিলে অংশগ্রহণের গুরুত্ব রয়েছে।
মাওলানা মনছুর আলী মাইজভাণ্ডারী বলেন, পবিত্র কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমেই প্রকৃত মুমিন হিসেবে জীবন গঠন সম্ভব। মুসলিম উম্মাহকে ইসলামের সঠিক শিক্ষা ও সুন্নাহর অনুসরণে উদ্বুদ্ধ করতে মাইজভাণ্ডার দরবার শরীফ কাজ করে যাচ্ছে।
মাহফিলটি সার্বিকভাবে পরিচালনা করেন খলিফা মনিরুল ইসলাম আল মাইজভাণ্ডারী। সার্বিক আয়োজনে সহযোগিতা ও দায়িত্ব পালন করে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, দোলাইখাল শাখা।
আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্বমানবতার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।
মোনাজাত শেষে উপস্থিত মুসল্লি ও ভক্ত-অনুরাগীদের মধ্যে তবারক বিতরণের মধ্য দিয়ে মাসিক ‘দাওয়াতুল হাসানাহ’ মাহফিলের সমাপ্তি ঘটে।