মাহফুজ বাবু; কুমিল্লা।।
কুমিল্লা নগরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি নিয়ে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান উদ্দিন টুটুলসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ চলাকালে নগরের চকবাজারের কাছে নুরপুর-তেলিকোনা সড়কে এ মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন নেতা-কর্মীরা। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে লাঠি ও মুখে মাস্ক দেখা যায়। মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড থেকে এক মিনিট স্থায়ী হয়।
এ ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ। পরে শুক্রবার বিকেল থেকে রাতভর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
গ্রেপ্তার আহসান উদ্দিন টুটুল কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী হিসেবে পরিচিত। গ্রেপ্তার অন্যরাও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, মিছিলে অংশ নেওয়া অন্যদেরও শনাক্ত করা হচ্ছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।