শেখ মোহাম্মদ পারভেজ
পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে সূর্য বানু (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আহমেদের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সূর্য বানু ওই গ্রামের লুকমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সূর্য বানু রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় তাঁর ছেলে আহমেদ নেশার টাকা চান। টাকা না দেওয়ায় রান্নাঘরে থাকা কাস্তি দিয়ে মায়ের গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁকে আটক করে।

স্থানীয়দের দাবি, এর আগেও নেশার টাকার জন্য আহমেদ একাধিকবার তাঁর মাকে মারধর করেছেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।