শেখ মোহাম্মদ পারভেজ
পাবনার চাটমোহর উপজেলার জাদরিস মোড়ে সন্ধানী যুব সমিতির আর্থিক হিসাব প্রকাশ, অনিয়মের অভিযোগ তদন্ত, মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল এবং সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সমিতির সদস্যপদ থেকে বঞ্চিত ব্যক্তিরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে সমিতির কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব ও ক্লাবের সম্পদ ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সমিতির পূর্ণাঙ্গ আর্থিক হিসাব প্রকাশ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরার দাবি জানান তাঁরা।
বক্তারা বলেন, সাধারণ সদস্যদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত না করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সংগঠনের গণতান্ত্রিক পরিবেশ ও সাধারণ সদস্যদের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক নিয়ন্ত্রণে নয়, বরং সাধারণ সদস্যদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে সমিতি পরিচালনা করা প্রয়োজন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি সমিতিকে ব্যবহার করে এলাকায় রাজনৈতিক প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন। তাঁদের দাবি, আওয়ামী লীগের প্রায় ১৭ বছরের শাসনামলে বিএনপি পরিবারের সন্তানদের সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি নতুন সদস্য ভর্তি কার্যক্রম সবার জন্য উন্মুক্ত করার দাবি জানান তাঁরা।
বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে যোগ্য ও আগ্রহী যুবকদের সমিতির সদস্য হওয়ার সুযোগ দিতে হবে। একই সঙ্গে সমিতির আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাধারণ সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করতে হবে।
তাঁরা আরও বলেন, যুবসমাজের কল্যাণে প্রতিষ্ঠিত একটি সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা থাকা জরুরি। এ জন্য উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং সংগঠনের স্বাভাবিক গণতান্ত্রিক কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার চাটমোহরের প্রতিনিধি এ এম জাকারিয়া, চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুদ্দিন মনি, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মাতালেব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিলচলন ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মোজাম্মেল, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ আব্দুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলু, বিএনপি নেতা মোহাম্মদ আরমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বান, বিলচলন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. নজরুল, বিলচলন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলহেলাল ও সাধারণ সম্পাদক মো. হাসেম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিলচলন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলিফ, সন্ধানী যুব সমিতির জ্যেষ্ঠ সদস্য মো. সবুজ, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর বিজলী রাব্বি, এআইইউবির ছাত্রদলের সহসভাপতি এ এম ফজলুল করিম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইমাম এবং ছাত্রদল নেতা আরাফাত ও রবিনসহ ক্লাবের সদস্যপদ থেকে বঞ্চিত ব্যক্তিরা।