শেখ মোহাম্মদ পারভেজ
পাবনা জেলা হিসেবে স্বীকৃতি লাভের ১৯৮ বছর পূর্তি উপলক্ষে ‘শুভ পাবনা দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পাবনা প্রেসক্লাবের আয়োজনে কেক কাটা, মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পাবনা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে দিবসটি উদযাপন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং কামনা ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী কামনা।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আব্দুল মতীন খান, মির্জা আজাদ, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, শহীদুর রহমান শহীদ, আব্দুল হামিদ খান, আহমেদ হুমায়ুন কবির তপু, রিজভী জয়, পাভেল মৃধা ও রাজিউর রহমান রুমীসহ অনেকে।
বক্তারা বলেন, পাবনার রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অতীত। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে এ জেলার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি জেলার উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, পাবনার ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে জেলার সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে উন্নয়ন ত্বরান্বিত করা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে আরও উদ্যোগী হতে হবে।
অনুষ্ঠানে পাবনা জেলার ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অর্জন স্মরণ করা হয়। পরে কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে অতিথিরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।