কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সঙ্গে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করে তারা বাড়ি ছেড়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিক্রি করে দেওয়া একটি মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই চার শিক্ষার্থী। তবে তারা বিদ্যালয়ে উপস্থিত হয়নি। পরে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলে পুলিশ সুপারকে অবহিত করা হয়। তাঁর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা-পুলিশ নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান শুরু করে। এ ঘটনায় পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। পাশাপাশি দেশের সব থানায় তাদের ছবি ও পরিচয়-সংবলিত বেতার বার্তা পাঠানো হয়। পুলিশের সমন্বিত অভিযানে ১২ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় চুনারুঘাট থানা-পুলিশ সহযোগিতা করে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়ার পর শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের যোগাযোগ এবং বাড়ি ছাড়ার পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। তারা নিয়মিত মোবাইল ফোন ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং টিকটকে ভিডিও আপলোড করত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তিদের সঙ্গে নতুন জীবন শুরু করা এবং স্বাধীনভাবে চলাফেরার পরিকল্পনা করেছিল ওই শিক্ষার্থীরা। এ উদ্দেশ্যে তারা বাড়ি থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে বের হয়।

পুলিশ আরও জানায়, কুমিল্লার বাহার মোবাইল মার্কেটে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চার হাজার টাকায় বিক্রি করে তারা। ওই টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায় শিক্ষার্থীরা। সেখানে পরিকল্পনা অনুযায়ী কিছু করতে না পেরে পরে হবিগঞ্জের চুনারুঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা বাহার মোবাইল মার্কেট থেকে বিক্রি করা ফোনটি উদ্ধার করেন। এ ছাড়া তাদের কাছ থেকে স্বর্ণালংকারসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেন পুলিশ সুপার। অনলাইনে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং সন্তানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম শাহসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।