শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ শুরুর অনুমোদন দেয়। বিদ্যুৎ উৎপাদনের আগে রিঅ্যাক্টরে স্থিতিশীল পারমাণবিক চেইন রিঅ্যাকশন শুরু করার প্রক্রিয়াকে ফার্স্ট ক্রিটিক্যালিটি বলা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ইউনিটের বি-টু ধাপের অনুমোদন দেওয়া হয়েছে। এ ধাপের কাজ শেষ হলে পরবর্তী সি ও ডি ধাপে এগোনো হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, নিরাপত্তা ভালভের জটিলতা সমাধানের পর পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের পথ খুলেছে। আগামী ডিসেম্বরের শেষে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সম্ভাবনা রয়েছে। প্রথমে কম ক্ষমতায় উৎপাদন শুরু করে ধাপে ধাপে তা বাড়ানো হবে। এরপর সাত থেকে আট মাস পরীক্ষামূলক উৎপাদন চলতে পারে।
বিদ্যুৎ সরবরাহ শুরু হলে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।