শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

পাবনার আমিনপুরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (ব্যবসায়ী) নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি হলুদের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুপ্রভাত মদক ওই এলাকার সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি কাশীনাথপুরের দাদাভাই হোটেলে ব্যবসা করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে বের হয়ে যান সুপ্রভাত। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেন তারা।

অভিযোগের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে। রাত ১২টার দিকে তার মোবাইল ফোনটি চালু পাওয়া যায়। একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। পরে তার নম্বর থেকে ফোন এলেও তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পেছনের হলুদের ক্ষেতে সুপ্রভাতের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কীভাবে সুপ্রভাতের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।