কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিনটি সক্রিয় কিশোর গ্যাংয়ের পাঁচ হোতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। জেলার কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জিসান (১৯), সাইফুল ইসলাম (২০), তারেক হোসেন সৈকত (১৯), জাফর আহমেদ (২৩) ও মো. শাকিব।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি চাঁদাবাজি, মারামারি ও এলাকায় আতঙ্ক সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে জড়িত। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফেরাতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ‘স্ম্যাশ স্কোয়াড’ নামের কিশোর গ্যাংয়ের কথিত মূলহোতা জিসান ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়। জিসান নগরীর তেলিকোনা গোবিন্দ পুকুরপাড় এলাকার বাসিন্দা। সাইফুল সদর উপজেলার আড়াইওড়া সমিতিপাড়া এলাকার বাসিন্দা।

চৌদ্দগ্রাম থানা এলাকায় অভিযান চালিয়ে ‘১২০৭’ গ্যাংয়ের কথিত মূলহোতা তারেক হোসেন সৈকত ও জাফর আহমেদকে গ্রেপ্তার করা হয়। তারেক চৌদ্দগ্রামের নলিশ্বর এলাকার এবং জাফর কোমারডোগা মধ্যমপাড়া এলাকার বাসিন্দা।

অন্যদিকে, মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ‘পিএক্স-১০’ নামের কিশোর গ্যাংয়ের হোতা মো. শাকিবকে গ্রেপ্তার করা হয়। সে পোমগাঁও মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।