মাহফুজ বাবু:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (১০) ও হাসিব (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ রামনগর গ্রামের হালিমের ছেলে। সে খালার বাড়িতে থেকে স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করত। অপর শিশু হাসিব একই এলাকার কাউসারের ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় জুনায়েদ ও হাসিব। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেদওয়ান আহম্মদ হিমেল জানান, হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষা শেষে দুই শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।