মাহফুজ বাবু; কুমিল্লা।।
কুমিল্লায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। সবশেষ শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে পাঁচ দফার অভিযানে মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে।
এর আগে চার দফার অভিযানে যথাক্রমে ৬২৪ জন, ২৫৪ জন, ৪১৫ জন ও ৩৭৯ জনকে আটক করা হয়।
কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সরাসরি অংশগ্রহণে জেলার ১৮টি থানার পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থান, অপরাধপ্রবণ এলাকা এবং বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে কারও অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।
কিশোর অপরাধ নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।