বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. আফজাল বেপারীকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশাল ও এসআরবি-৭, সিপিএসসি, চট্টগ্রামের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আফজাল বেপারী বরিশাল জেলার গৌরনদী থানার পূর্ব ডুমুরিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম কালাম বেপারী।

এসআরবি সূত্রে জানা গেছে, খুন, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশেষ ভূমিকা পালন করে আসছে এসআরবি। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আফজালের অবস্থান শনাক্ত করা হয়। পরে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আফজাল বেপারীর বিরুদ্ধে গৌরনদী থানায় সাজা গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা নং-২৪২/১০ এবং গৌরনদী থানার জিআর মামলা নং-১২/১০ রয়েছে। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় অভিযোগ আনা হয়।

মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আফজাল বেপারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮, বরিশালের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮, বরিশাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারের পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আফজাল বেপারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।