শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দলকে আরও শক্তিশালী করার কোনো বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। এজন্য দলীয়ভাবে নিজেদের ভিত্তি আরও শক্তিশালী করতে হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে পাবনা জেলা বিএনপির আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাবনার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, পাবনার যত সমস্যা রয়েছে, জেলার নেতৃবৃন্দ সম্মিলিতভাবে কাজ করলে সেসব সমস্যার সমাধান করা সম্ভব। পাবনাবাসীর সব চাওয়া-পাওয়া সরকারের কাছ থেকে আদায় করে নেওয়ার আশ্বাসও দেন তিনি।
তিনি বলেন, পাবনার উন্নয়নসহ বিভিন্ন সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছি। এ দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পাবনার উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া হবে।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
পাবনার উন্নয়নসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাবনা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ক্যাপশন: পাবনা শিল্পকলা একাডেমিতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি নেতাকর্মীরা। রোববার বিকেলে।