রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে ট্রলার দুর্ঘটনার দুই দিন পর নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি (৩০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়া এলাকার মৃত হাছান আলীর ছেলে। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলার সেতুর ৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এ সময় ট্রলারে থাকা রাকিবুজ্জামানসহ তিনজন নদীতে পড়ে যান। পরে অন্য যাত্রীরা লিটন (৩৮) ও ওহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও রাকিবুজ্জামানের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপার কাতলা ঘাট থেকে প্রায় ১২০ জন যাত্রী একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে যান। রাতে ফেরার পথে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রলারটি সেতুর ৪ নম্বর পিলারে ধাক্কা খায়। এতে তিনজন নদীতে পড়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ি, ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। শুক্রবার রাত থেকে শনিবার দিনভর অভিযান চালিয়েও রাকিবুজ্জামানের সন্ধান পাওয়া যায়নি।
পরে রোববার সকালে পদ্মা নদীতে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।
লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ট্রলার দুর্ঘটনার পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি নিখোঁজ ছিলেন। রোববার সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।