শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পাবনায় জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
র্যালিতে ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিত সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে নিয়মিত এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।