শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনার যুবদল নেতা রাশেদ রানা ও তার দুই সহযোগীকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজগঞ্জে গ্রেফতার করেছে র্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ সদর কোম্পানির একটি অভিযানিক দল গত ৩১ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ঢাকা মহাসড়কে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—পাবনা পৌরসভার দোহারপাড়ার জহুরুল ইসলাম ওরফে রইসের ছেলে রাশেদ রানা, পাবনা পৌরসভার রাধানগরের আব্দুল জলিল শেখের ছেলে আমিনুল ইসলাম রনি (৪৫) এবং সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের সেকেন্দার আলী মন্ডলের ছেলে আব্দুল মজিদ মন্ডল (৪৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পাবনা-চট্টগ্রাম রুটে চলাচলকারী একটি কোচে করে গ্রেফতারকৃত ব্যক্তিরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে পাবনার দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১২-এর একটি দল ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ও আশপাশের এলাকায় অবস্থান নেয়।
পরে ওই কোচটি হোটেলের সামনে এসে থামলে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রাখতেন এবং পরে পাবনাসহ বিভিন্ন জেলায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।