মোঃ শাহজাহান বাশার,প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আকতার।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণকালে জেলা প্রশাসক মিজ রোজী আকতার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়; রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানো সম্ভব।

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।