মোঃ শাহজাহান বাশার
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বাজারে ক্যাশ মেমো (ক্রয়-বিক্রয় রশিদ) সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকের কাছে সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান সূত্রে জানা যায়, আজ গোপন সংবাদ ও নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পায়রাবন্দ বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাজারের ‘ইয়াকুব ট্রেডার্স’ (প্রোপ্রাইটর: মোঃ ইয়াকুব আলী)-এ তল্লাশি ও রেজিস্টার-মেমো যাচাই করা হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি সার বিক্রির ক্ষেত্রে সঠিকভাবে ক্যাশ মেমো প্রদান ও সংরক্ষণ করছে না এবং খুচরা পর্যায়ে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছে।
এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠান ‘ইয়াকুব ট্রেডার্স’-কে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
অভিযান শেষে সহকারী পরিচালক জানান, “কৃষকদের নিকট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা বা কৃত্রিম সংকট তৈরি করার কোনো সুযোগ নেই। ভোক্তা-স্বার্থ রক্ষায় এবং সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমাদের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।