মোঃ শাহজাহান বাশার

টানা ভারী বৃষ্টিতে কুমিল্লায় সৃষ্ট জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। জলাবদ্ধতা নিরসনে আরও কার্যকর উদ্যোগের ঘোষণা দিয়েছেন

টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন।

সোমবার সকালে জলাবদ্ধতায় আটকে পড়া এইচএসসি পরীক্ষার্থীদের নৌকায় করে নিরাপদে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও শিক্ষার্থীদের সহায়তায় সক্রিয়ভাবে অংশ নেন।

এই উদ্যোগে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকেই প্রশাসনের এমন মানবিক পদক্ষেপের প্রশংসা করেন এবং দুর্যোগের সময়ে সরকারি সেবার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “প্রাকৃতিক দুর্যোগ এড়ানো সম্ভব নয়। তবে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে খাল দখলমুক্ত করা, খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম আরও জোরদার করা হবে। ভবিষ্যতে যাতে নগরবাসীকে এমন দুর্ভোগে পড়তে না হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।”

কুমিল্লা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা মোকাবিলায় বিভিন্ন এলাকায় জরুরি তদারকি ও পানি নিষ্কাশনের কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে নগরীর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনাও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কুমিল্লা জলাবদ্ধতা, এইচএসসি পরীক্ষা, ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা সিটি করপোরেশন, পরীক্ষার্থীদের সহায়তা, নৌকায় পরীক্ষা কেন্দ্রে, কুমিল্লার খবর, HSC Exam, Cumilla News