নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নর ঐতিহ্যবাহী ভরাসার বাজারে প্রায় দেড়শ বছরের পুরোনো একটি বটগাছ অনুমোদন ছাড়াই কাটার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে। গাছটির কয়েকটি বড় ডাল কেটে ফেলার সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন-এর হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ করা হয়।

স্থানীয়দের ভাষ্য, প্রায় দেড়শ বছর আগে এই বটগাছকে কেন্দ্র করেই ভরাসার বাজার গড়ে ওঠে। বর্তমানে গাছটির নিচে ও আশপাশের সরকারি (খাস) এবং ব্যক্তিমালিকানাধীন জায়গাজুড়ে প্রায় ৩৬০টি দোকানপাট ও হাটবাজার পরিচালিত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বাজারের সরকারি খাস জমি দখল করে হোটেল ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। ব্যক্তিস্বার্থে অনুমোদন ছাড়াই সরকারি জায়গায় থাকা শতবর্ষী বটগাছটি কাটার উদ্যোগ নেওয়া হয় এবং এর কয়েকটি বড় ডালও কেটে ফেলা হয়েছে।

এলাকার সচেতন নাগরিকদের দাবি, বাজারের সৌন্দর্য ও পরিবেশের অন্যতম প্রতীক এই বটগাছটি কেটে ফেলা হলে পরিবেশ, জীববৈচিত্র্য এবং এলাকার ঐতিহাসিক ঐতিহ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাদের মতে, গাছটি শুধু ছায়া প্রদানই করে না, এটি ভরাসার বাজারের ইতিহাস ও পরিচয়েরও অবিচ্ছেদ্য অংশ।

গাছ কাটার আগে ষোলনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেন, “ভরাসার বাজারের পুরোনো বটগাছটি মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ।” একই পোস্টে তিনি উল্লেখ করেন, সাইফুল ইসলাম টিপু বাজার পরিদর্শন করে গাছটি কাটার সিদ্ধান্ত নেন।

বাজার পরিচালনা কমিটির কমান্ডার বাহার মিয়া এবং যুগ্ম সম্পাদক রতন বলেন, “গাছটি অনেক পুরোনো। এর ছায়াতেই বাজার গড়ে উঠেছে। কারা বড় ডালগুলো কেটেছে, তা আমরা জানি না। তবে পুরো গাছ কেটে ফেললে বাজারের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।”

অন্যদিকে, ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ বলেন, “বটগাছটির কারণে দোকানদাররা আতঙ্কে রয়েছেন। যে কোনো সময় গাছটি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। তাই গাছটি কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কয়েকটি ডাল কাটা হয়েছে।”

বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “বটগাছ কাটার বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। কী কারণে গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিও আমার জানা নেই।”

এ বিষয়ে বুড়িচং ভূমি অফিসের তহশিলদার মো. তারেক বিন ওয়ালী বলেন, “অনুমোদন ছাড়াই স্থানীয় কিছু লোক গাছটি কাটার সিদ্ধান্ত নেয় এবং কয়েকটি ডাল কেটে ফেলে। ইউএনও স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে।”

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “ভরাসার বাজারের বটগাছ কাটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পাঠিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”