মো. শাহজাহান বাশার
ঢাকা, ৭ জুলাই: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়া থেকে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সোমবার (৬ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. রশিদুল ইসলাম ওরফে বাবু (৩৩), তিনি নওগাঁ জেলার রানীনগর উপজেলার ভাদালীয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার বুড়িপাড়া এলাকায় ভাড়া থাকতেন। অপরজন মো. আতাউর রহমান (২৩), নওগাঁ জেলার আত্রাই উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার নতুননগর পেচারটেক এলাকায় ভাড়া থাকতেন।
অভিযানকালে তাদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।