শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা
পাবনার সুজানগর উপজেলার সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি (অনার্স) কলেজের তহবিল থেকে কোটি টাকার বেশি অর্থ অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে উত্তোলনের অভিযোগ উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুলাই বাজার এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশে মিলিত হয়।
অনুসন্ধানে জানা গেছে, জনতা ব্যাংক পিএলসি, দুলাই শাখায় সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি (অনার্স) কলেজের নামে মোট ২৬টি ব্যাংক হিসাব রয়েছে। এর মধ্যে ৯টি হিসাব থেকে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে কোটি টাকার বেশি অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। তবে এসব অর্থের সুনির্দিষ্ট হিসাব বা ব্যবহারের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
কলেজের তহবিলের বিপুল পরিমাণ অর্থের অনিয়মের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে তারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিতে রাজপথে নামেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের তহবিলের অর্থ কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হলে তা মেনে নেওয়া হবে না। কলেজের তহবিলের অর্থ অনিয়মের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অর্থ উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে কলেজের সব ধরনের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান তারা।
কর্মসূচিতে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
তবে অভিযোগের বিষয়ে কলেজ কর্তৃপক্ষ, ব্যাংক কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং অর্থের প্রকৃত পরিমাণ ও ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া সম্ভব হবে।
মন্তব্য করুন